জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ: বাংলাদেশ ব্যাংকের ১,৫০০ কোটি টাকার বিশেষ তহবিল
মূলধন বা জামানতের অভাবে যারা প্রচলিত ব্যাংক থেকে ঋণ পাননি, এমন প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের আওতায় রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন।
ঋণের মূল বৈশিষ্ট্য ও সুদের হার
সুদের হার: ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহকপর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে (শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্যও মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ)।
ঋণের পরিমাণ: ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে (২ থেকে ৫ সদস্যের দল) সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। দলীয় প্রতিটি সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে এই ঋণের জন্য দায়বদ্ধ থাকবেন।
জামানত: ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক জামানত প্রয়োজন হতে পারে। এছাড়া ২৫ হাজার টাকার বেশি ঋণের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নেওয়া যাবে।
মেয়াদ ও কিস্তি: ঋণের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর (৬০ মাস)। এর মধ্যে সর্বোচ্চ ৬ মাস গ্রেস পিরিয়ড (কিস্তি বিরতি) পাওয়া যেতে পারে। গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে কিস্তি পরিশোধ করতে পারবেন।
এই তহবিলের সুবিধাভোগীদের তালিকায় অগ্রাধিকার পাবেন:
অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা: মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, তাঁতি, চা-শ্রমিক এবং রিকশাচালক, ভ্যানচালক, চালক, কামার, কুমার, দরজি, রাজমিস্ত্রি, প্লাম্বার ও বিভিন্ন কারিগর।
কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী: স্মার্ট কার্ডধারী ও ভূমিহীন কৃষক, নদীভাঙন, বন্যা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলীয় ও চর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী।
নারী ও বিশেষ প্রান্তিক দল: মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন।
প্রবাসী পরিবার: রেমিট্যান্সের সুবিধাভোগী পরিবার এবং বিদেশফেরত কর্মীরা।
শিক্ষার্থী: ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল স্টুডেন্ট অ্যাকাউন্টধারীরা বৃত্তিমূলক, কারিগরী ও আইটি প্রশিক্ষণের জন্য অথবা এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলের মতো উচ্চশিক্ষার ব্যয় মেটাতে এই ঋণ পেতে পারেন (এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে)।
যেভাবে আবেদন ও ঋণ মিলবে
ব্যাংক হিসাব: ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। না থাকলে নতুন হিসাব খুলে সেই মাধ্যমেই ঋণের অর্থ প্রদান করা হবে।
বিতরণ মাধ্যম: ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে।
প্রসেসিং ফি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরে কোনো অতিরিক্ত প্রসেসিং ফি বা ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (CIB) রিপোর্টের জন্য কোনো চার্জ নেওয়া যাবে না।
Comments