শিক্ষাগত সনদ নিয়ে বিতর্কে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি নিয়ে দেশজুড়ে চলা ব্যাপক অসন্তোষের মধ্যে এই পদত্যাগ সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করল।
ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি জানান, ৩৯ বছর বয়সী জিবরান পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে তাঁর বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ অবৈধ ঘোষণা করে গত মাসে রায় দিয়েছিল ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। দেশটির আইন অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা বাধ্যতামূলক।
সিঙ্গাপুরে পড়াশোনা করা জিবরান দাবি করেছিলেন তাঁর ডিগ্রি সমমানের, কিন্তু আদালত তা বাতিল করার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ মুখ থেকে না বললেও পার্লামেন্টের স্পিকার জানান, উত্তরসূরি নির্বাচনের জন্য প্রেসিডেন্ট প্রবোওর হাতে ১৪ দিন এবং পার্লামেন্টের হাতে দুই মাস সময় রয়েছে।
রাজনীতিতে নতুন সমীকরণের আশঙ্কা
জিবরানের পদত্যাগের আগে থেকেই অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে হাজারো মানুষ রাজপথে বিক্ষোভ করছিলেন। দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় জনমনে ক্ষোভ চরম আকার ধারণ করে।
উল্লেখ্য, জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। জোকো উইদোদোর শক্তিশালী সমর্থনেই ক্ষমতায় এসেছিলেন বর্তমান প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। বিশ্লেষকদের মতে, জিবরানের বিদায়ে ক্ষমতাসীন জোটে জটিলতা তৈরি হতে পারে এবং জোকো উইদোদোর রাজনৈতিক প্রভাব কিছুটা কমলেও প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করার সুযোগ বাড়বে।
সূত্র: এএফপি
Comments