কালই কি শেষ পৃথিবী?
কালই নাকি পৃথিবীর শেষ দিন! সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো দাবি চোখে পড়লে আতঙ্কিত হওয়ার আগে একটু থামুন। কারণ, ১৩ নভেম্বর ২০২৬ তারিখটি ঘিরে যে কাহিনী সামনে এসেছে, তার শিকড় প্রায় ৬৬ বছর আগের একটি বৈজ্ঞানিক গবেষণায়। তবে গবেষণাটি পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেনি।
পৃথিবী ধ্বংস হতে আর মাত্র এক দিন! অন্তত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবি বিশ্বাস করলে এমনটাই মনে হতে পারে। তারিখটিও বেশ নাটকীয়—শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬। কাকতালীয়ভাবে শুক্রবার ১৩ তারিখ নিয়ে পশ্চিমা সংস্কৃতিতে আগে থেকেই নানা কুসংস্কার ও ভীতি রয়েছে। তার সঙ্গে পৃথিবী ধ্বংসের গল্প যুক্ত হওয়ায় বিষয়টি পেয়েছে বাড়তি মসলা। কিন্তু সত্যিই কি কাল পৃথিবীর শেষ দিন? নাকি পুরোনো একটি গবেষণাকে নতুন করে উপস্থাপন করে তৈরি হয়েছে এই কৌতূহল?
আসল গল্পটি আরও মজার।
১৯৬০ সালের গবেষণায় কেন এল ১৩ নভেম্বর ২০২৬?
১৯৬০ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞান সাময়িকী Science-এ প্রকাশিত হয় একটি গবেষণাপত্র। এর শিরোনাম ছিল 'Doomsday: Friday, 13 November, A.D. 2026'।
গবেষণাপত্রটির লেখক ছিলেন হেইঞ্জ ফন ফোরস্টার, প্যাট্রিসিয়া এম. মোরা ও লরেন্স ডব্লিউ. অ্যামিওট।
গবেষকদের হিসাব ছিল, গত দুই হাজার বছরে পৃথিবীর জনসংখ্যা যেভাবে বেড়েছে, সেই একই হারে বৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৬ সালের ১৩ নভেম্বর জনসংখ্যা গাণিতিকভাবে অসীমের কাছাকাছি পৌঁছাবে।
অর্থাৎ, মানুষের সংখ্যা এতটাই বেড়ে যাবে যে পৃথিবীর সীমিত সম্পদ, খাদ্য ও জায়গা নিয়ে ভয়াবহ সংকট তৈরি হতে পারে।
গবেষণার শিরোনামে 'ডুমসডে' শব্দটি থাকায় বিষয়টি আরও আলোচিত হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষকরা পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলেননি। তাঁরা জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল তুলে ধরেছিলেন।
কিন্তু গবেষকদের হিসাব কি মিলেছে?
না। বাস্তবতা গবেষকদের সেই হিসাব অনুসরণ করেনি।
১৯৬০ সালের পর বিশ্বে জনসংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে কমেছে। জন্মহার কমে যাওয়া, পরিবার পরিকল্পনা, শিক্ষা, নগরায়ণসহ নানা কারণে জনসংখ্যা বৃদ্ধির গতিপথ পরিবর্তিত হয়েছে।
একটি ফ্যাক্টচেক বিশ্লেষণ অনুযায়ী, ১৯৯৩ সালের দিক থেকেই বাস্তব জনসংখ্যার চিত্র ওই গাণিতিক মডেল থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হতে শুরু করে। ২০২৬ সালের শুরুতে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮৩০ কোটি, ২০০ বিলিয়ন নয়!
শুক্রবার ১৩ তারিখ, সঙ্গে পৃথিবী ধ্বংসের গল্প!
পশ্চিমা সংস্কৃতিতে শুক্রবার ১৩ তারিখকে অনেকেই অশুভ মনে করেন। এই দিনকে ঘিরে কুসংস্কার, ভীতি, এমনকি হরর সিনেমারও অভাব নেই।
এবার সেই শুক্রবার ১৩ তারিখের সঙ্গে যুক্ত হয়েছে ৬৬ বছর আগের একটি বৈজ্ঞানিক গবেষণা। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কেউ হয়তো ভাবছেন, কাল তাহলে কী হবে? কেউ আবার মজা করে বলছেন, ব্যাংকের ঋণের কিস্তি, বাড়িভাড়া কিংবা বিদ্যুৎ বিলের কী হবে? পৃথিবীই যদি না থাকে, তাহলে এসবের চিন্তা করে লাভ কী!
আবার কেউ কেউ হয়তো কালকের জন্য জমিয়ে রাখা কাজগুলো আজই শেষ করার কথা ভাবছেন!
তাহলে কাল কী হবে?
বিজ্ঞানীদের কাছে ১৩ নভেম্বর ২০২৬ পৃথিবী ধ্বংসের কোনো নির্ধারিত দিন নয়। এই তারিখে গ্রহাণুর আঘাত, মহাজাগতিক বিপর্যয় বা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পূর্বাভাস নেই।
অতএব, কাল শুক্রবার ১৩ নভেম্বর। চাইলে নিশ্চিন্তে অফিসে যেতে পারেন, বাজার করতে পারেন, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে পারেন, এমনকি পরের সপ্তাহের কাজের পরিকল্পনাও করতে পারেন।
শুধু একটা অনুরোধ পৃথিবী ধ্বংসের ভয়ে আজই সব টাকা খরচ করে ফেলবেন না। কারণ পৃথিবী ধ্বংস না হলে মাসের শেষে আবার সেই পুরোনো হিসাবেই ফিরতে হবে!
Comments