উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী—এমন অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিমন্ত্রীর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করার জোরালো দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যে এক জ্যেষ্ঠ সচিবের পরামর্শের যে উল্লেখ রয়েছে, তার সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে টিআইবি।
বুধবার এক বিবৃতিতে টিআইবি এসব কথা জানায়। গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেছিলেন—কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, বরং তা গ্রহণ করা যায়। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা একজন সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এই কাজের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কেন থাকবে? প্রতিমন্ত্রী কি উপহার গ্রহণের কথা বলে ঘুষকে বৈধতা দিচ্ছেন, নাকি প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহিত করছেন?"
যাঁদের দায়িত্ব সরকারি কেনাকাটায় অনিয়ম রোধ করা, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। ড. জামান বলেন, সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটাবে।
নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন:
দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত সুবিধা গ্রহণ একটি শাস্তিযোগ্য অপরাধ।
দণ্ডবিধির ১৬৫ ধারা অনুযায়ী, দাপ্তরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি বাধ্যতামূলক। এছাড়া একই বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া উপহারের সর্বোচ্চ মূল্যসীমা ৫০০ টাকা।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী গ্রহণের ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা হতে পারে।
তবে এসবের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না বলে স্পষ্ট করেন তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের চরম ঝুঁকি রয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, তাঁর কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিলে প্রকৌশলীর নিরপেক্ষতা বজায় থাকে না। এতে অন্যান্য ঠিকাদারদের সমান সুযোগ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজশে দুর্নীতি আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, "আজ যে উপহার স্বেচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কাল তা নাগরিকদের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের সর্বব্যাপী চর্চায় পরিণত হতে পারে।"
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন—এ প্রসঙ্গে ড. জামান বলেন, ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কি না, সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর, আত্মঘাতী এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
বিবৃতির শেষে ঠিকাদারের উপহার নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি, প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা তলব এবং তাঁর বক্তব্যে উল্লিখিত জ্যেষ্ঠ সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।
Comments