ভয় যখন স্বাভাবিক জীবনকে কঠিন করে তোলে
লিফটে উঠলেই দম বন্ধ হয়ে আসা, উঁচু ভবনে দাঁড়ালে হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিংবা বদ্ধ জায়গায় গেলেই তীব্র আতঙ্ক। কারও কাছে এসব সাময়িক অস্বস্তি, আবার কারও ক্ষেত্রে এমন ভয় হয়ে উঠতে পারে স্বাভাবিক জীবনযাপনের বড় বাধা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, নির্দিষ্ট কোনো বস্তু বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী ভয়কে বলা হয় ফোবিয়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ বা এনআইএমএইচ বলছে, ফোবিয়া হলো কোনো কোনো নির্দিষ্ট বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র ভয় বা বিরূপ প্রতিক্রিয়া।
ফোবিয়ার কয়েকটি ধরন রয়েছে। এনআইএমএইচের তথ্য অনুযায়ী, প্রধান তিনটি ধরন হলো স্পেসিফিক ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া ও সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। স্পেসিফিক ফোবিয়ায় কুকুর, সাপ, পোকামাকড়, উঁচু জায়গা, বিমানভ্রমণ কিংবা বদ্ধ জায়গার প্রতি অতিরিক্ত ভয় তৈরি হয়। অ্যাগোরাফোবিয়ায় ভিড়, গণপরিবহন বা বাড়ির বাইরে একা থাকার মতো পরিস্থিতিতে আতঙ্ক দেখা দেয়। আর সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে অন্যের নেতিবাচক মন্তব্য বা বিচার করার আশঙ্কায় সামাজিক পরিস্থিতিতে তীব্র ভয় কাজ করে। মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, চিকিৎসা না নিলে অনেকের ক্ষেত্রে এ ভয় দীর্ঘদিন, এমনকি সারা জীবনও থাকতে পারে।
ফোবিয়ার কারণে শুধু মানসিক অস্বস্তিই নয়, শরীরেও দেখা দিতে পারে নানা প্রতিক্রিয়া। বেড়ে যেতে পারে হৃদস্পন্দন, শুরু হতে পারে ঘাম, কাঁপুনি, মাথা ঘোরা কিংবা বমি বমি ভাব। তবে ফোবিয়া তৈরির নির্দিষ্ট কোনো কারণ নেই।এর পেছনে থাকতে পারে শৈশবের ভয়ংকর কোনো অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস কিংবা কোন বড় ধরনের দুর্ঘটনা।
ফোবিয়া মানেই সবসময় আতঙ্কে থাকা নয়। তবে ভয় যদি দীর্ঘদিন ধরে স্বাভাবিক জীবনযাপন, কাজ কিংবা সামাজিক সম্পর্ককে বাধাগ্রস্ত করে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। যুক্তরাজ্যের এনএইচএসের তথ্য অনুযায়ী, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ও এক্সপোজার থেরাপির মাধ্যমে অনেক ক্ষেত্রেই ভয় কমিয়ে আনা সম্ভব। এছাড়াও অন্যান্য টকিং থেরাপি এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবন। কিছু ক্ষেত্রে আবার হিপনোথেরাপিও ব্যবহার করা হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে ফোবিয়ার প্রভাব কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।
Comments