কক্সবাজারে পুলিশের সঙ্গে নিষিদ্ধ যুবলীগের সংঘর্ষ, এসআইয়ের মাথা ফাটল
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদারবিল এলাকা থেকে একটি মশালমিছিল বের করা হয়। এতে সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ ও বিজিবির যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন নেতাকর্মীরা এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে পরিবেশ শান্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের সময় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিদুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং রক্তক্ষরণ বন্ধ করতে তাঁর মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মশালমিছিল বের করলে পুলিশ ও বিজিবি বাধা দেয়। এ সময়কার ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় এসআই জাফর আলম গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
Comments