৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না: ডা. সুলতান মাহমুদ শিকদার
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন,
"ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এই চারজনের মধ্যে আবার একজনের শ্বাস-প্রশ্বাসের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে (মেকানিক্যাল ভেন্টিলেটর) রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।"
তিনি আরও জানান, আহতদের চিকিৎসায় ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
Comments