পুঁজিবাজার বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় চিড়
দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা, শেয়ারবাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে উদ্বেগ-সব মিলিয়ে বাংলাদেশের পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক চিত্রে সেই আস্থার সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুধু অক্টোবর মাসেই বিদেশি বিনিয়োগকারীরা নিট ১৮১ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাহার করেছেন। নতুন করে বিনিয়োগের তুলনায় শেয়ার বিক্রি করে অর্থ তুলে নেওয়ার প্রবণতা যে অনেক বেশি, তা মাসের লেনদেনের পরিসংখ্যানেই পরিষ্কার।
অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ডিএসইতে ২৮৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে কিনেছেন মাত্র ১০২ কোটি টাকার শেয়ার। সব মিলিয়ে তাঁদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। অর্থাৎ বাজারে বিদেশিদের উপস্থিতি থাকলেও বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে তাঁরা বরং বিদ্যমান বিনিয়োগ গুটিয়ে নেওয়ার দিকেই বেশি মনোযোগী।
বিদেশি বিনিয়োগকারীদের এই প্রস্থান কেবল সামগ্রিক বাজারের জন্য নেতিবাচক বার্তা নয়, বরং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের শেয়ারেও এর প্রভাব পড়ছে। অক্টোবর মাসে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে। এই তিন প্রতিষ্ঠান থেকেই বিদেশিরা মোট ১৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।
এর মধ্যে প্রাইম ব্যাংক থেকে প্রত্যাহার হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার। ফলে ব্যাংকটিতে বিদেশিদের শেয়ারধারণ ৫.১৪ শতাংশ থেকে কমে ৩.৬৯ শতাংশে নেমেছে। সিটি ব্যাংক থেকে ৪৭ কোটি টাকার শেয়ার বিক্রির কারণে বিদেশি মালিকানা কমে দাঁড়িয়েছে ৭.০৮ শতাংশে। অন্যদিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৪৬ কোটি টাকার শেয়ার বিক্রি করায় প্রতিষ্ঠানটিতে বিদেশিদের মালিকানা নেমেছে ১৩.৮৯ শতাংশে।
এ ছাড়া ম্যারিকো বাংলাদেশ থেকে ৭ কোটি, রেনাটা থেকে ৪ কোটি এবং লাফার্জহোলসিম থেকে ১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। অর্থাৎ ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ও বহুজাতিক সংশ্লিষ্ট কোম্পানিগুলোতেও তাঁদের বিনিয়োগ কমানোর প্রবণতা দেখা যাচ্ছে।
তবে পুরো চিত্রটি একমুখী নয়। বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের মধ্যেও কিছু প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগ এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্র্যাক ব্যাংক। অক্টোবর মাসে ব্যাংকটিতে নতুন করে ১৩ কোটি ৬০ লাখ টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। এতে ব্যাংকটির শেয়ারধারণ ৩২.৩৫ শতাংশ থেকে বেড়ে ৩২.৪৪ শতাংশ হয়েছে। পাশাপাশি বিকন ফার্মাসিউটিক্যালসে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলে ১৩ লাখ টাকার নতুন বিদেশি বিনিয়োগ এসেছে।
এই ব্যতিক্রমগুলো ইঙ্গিত দেয়, বিদেশি বিনিয়োগকারীরা পুরো বাজার থেকে একযোগে বেরিয়ে যাচ্ছেন না; বরং অপেক্ষাকৃত সম্ভাবনাময় বা তাঁদের বিনিয়োগ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু প্রতিষ্ঠানে অবস্থান ধরে রাখছেন কিংবা বিনিয়োগ বাড়াচ্ছেন। অর্থাৎ বাজারে তাঁদের আচরণ এখন অনেক বেশি বাছাইভিত্তিক।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে বিদেশি ফান্ডগুলো তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছে। শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে থাকলেও সামগ্রিক অনিশ্চয়তা নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক করে তুলছে তাঁদের। তবে প্রশ্ন হচ্ছে, শুধু শেয়ারের দাম কমলেই কি বিদেশি বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরবেন? বাস্তবতা হলো, বিনিয়োগের সিদ্ধান্ত শুধু শেয়ারের মূল্যায়নের ওপর নির্ভর করে না; এর সঙ্গে যুক্ত থাকে অর্থনীতির স্থিতিশীলতা, নীতিনির্ধারণের ধারাবাহিকতা, মুদ্রাবাজারের পরিস্থিতি, বাজারের গভীরতা এবং বিনিয়োগ থেকে মুনাফা প্রত্যাবাসনের নিশ্চয়তা।
বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি বাজারের সবচেয়ে বড় আকর্ষণ শুধু কম দামে শেয়ার কেনার সুযোগ নয়, বরং বিনিয়োগের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে পারার সক্ষমতা। অর্থনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে কিংবা নীতিগত সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব দেখা দিলে আকর্ষণীয় মূল্যেও বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না। ফলে বাজারে ভালো মৌলভিত্তির কোম্পানি থাকলেও বিদেশি পুঁজি আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে।
এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক শেয়ার বিক্রি স্থানীয় বিনিয়োগকারীদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত বাজারের ঝুঁকি, কোম্পানির মূল্যায়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেন। তাঁদের বড় অঙ্কের বিক্রি বাজারে নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। এতে স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ও বিক্রির চাপ বাড়ার আশঙ্কা থাকে।
সব মিলিয়ে ডিএসই থেকে অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের নিট ১৮১ কোটি টাকা প্রত্যাহারকে নিছক পোর্টফোলিও পুনর্বিন্যাস হিসেবে দেখার সুযোগ থাকলেও এর মধ্যে বাজারের প্রতি আস্থার ঘাটতির বার্তাও রয়েছে। ব্র্যাক ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগ আসা ইতিবাচক হলেও তা সামগ্রিক প্রবণতাকে এখনো বদলাতে পারেনি।
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে শুধু শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে নামিয়ে আনাই যথেষ্ট নয়। প্রয়োজন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, নীতিগত স্বচ্ছতা, সুশাসন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব পরিবেশ। অন্যথায় বিদেশি পুঁজি ফেরানোর আলোচনা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে, আর বাজারে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করবে।
Comments