ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতে এসব এলাকায় বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
যেসব এলাকায় মোতায়েন রয়েছে বিজিবি:
-
ঢাকা জেলা: সাভার, আশুলিয়া ও মিরপুর।
-
নারায়ণগঞ্জ জেলা: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল।
-
গাজীপুর জেলা: চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।
শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয় করতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে স্থায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
Comments