নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি হিসেবেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেয়া একটি চিঠির বরাতে এই তথ্য জানা গেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর, আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা। তার এই পাসপোর্ট ও পরিচয়পত্র প্রাপ্তির আবেদনকে দেশে ফেরার প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তার সহযোগীরাও বার্তা সংস্থাকে নিশ্চিত করেছেন যে, সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরেই তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্সের' আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন:
"অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমরা আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনম্র অনুরোধ জানাচ্ছি।"
চিঠিতে বাংলাদেশি নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
Comments