সমালোচনার জবাব ব্যাটেই, সিলেটে হৃদয়ের প্রথম সেঞ্চুরি
মিরপুর টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তাওহিদ হৃদয়। দলের কঠিন সময়ে দুই ইনিংসেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট হারানোয় প্রশ্ন উঠেছিল তাঁর ব্যাটিং নিয়ে। তবে সমালোচনার জবাব দিতে খুব বেশি সময় নিলেন না এই বাংলাদেশি ব্যাটার। সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম শতকের দেখা পেয়েছেন হৃদয়। ১৭১ বল মোকাবিলা করে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের করা ইনিংসের ৬৯তম ওভারে লেগ সাইডে বল ঠেলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন হৃদয়। তবে মাইলফলক ছোঁয়ার পর তাঁর উদযাপনে ছিল না কোনো বাড়তি উচ্ছ্বাস। ব্যাটের হাতলে হেলমেট রেখে ব্যাট উঁচিয়ে ধরেন। এরপর সিজদা করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হৃদয়ের শতকের পরপরই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। হৃদয়ের সঙ্গে অপর প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের ইনিংসে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন হৃদয়। একের পর এক সতীর্থের বিদায়ের মধ্যেও উইকেটে টিকে থেকে দলের লড়াই জারি রেখেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দারুণ কার্যকর ছিলেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাংলাদেশের আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে তিনজনকে শিকার করেন তিনি।
তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। তবে বড় সংগ্রহের প্রত্যাশা নিয়ে ব্যাটিংয়ে নামলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩৪, লিটন দাস ৮ এবং মেহেদী হাসান মিরাজ ১৬ রান করে ফিরে যান।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত তাঁর ব্যাটেই সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে বাংলাদেশ।
Comments