সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান, স্বীকৃতি পেলে হবে ষষ্ঠ গ্রহ
সৌরজগতের প্লুটোর কক্ষপথের বাইরে নতুন একটি বামন গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্মিথসোনিয়নের জ্যেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ ম্যাথিউ হোলম্যান। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে 'ইডি১৩৮' নামের এই মহাজাগতিক বস্তুটি হবে আমাদের সৌরজগতের ষষ্ঠ বামন গ্রহ। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির শক্তিশালী টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এটি আবিষ্কার করা হয়েছে।
আবিষ্কারক ম্যাথিউ হোলম্যানের তথ্যমতে, নতুন এই বামন গ্রহটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটারের মধ্যে হতে পারে। এর ফলে এটি সৌরজগতের বর্তমানে স্বীকৃত ক্ষুদ্রতম বামন গ্রহ 'সেরেস'-এর চেয়ে আকারে বড়। বর্তমানে গ্রহটি সূর্য থেকে প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বে, অর্থাৎ প্লুটোর চেয়েও অনেক দূরে অবস্থান করছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ গোলার্ধে অবস্থান এবং মিল্কিওয়ে গ্যালাক্সির একই সমতলে থাকায় এতদিন এটিকে শনাক্ত করা কঠিন ছিল। মিল্কিওয়েতে অসংখ্য তারার ভিড়ে চলমান কোনো ছোট বস্তু খুঁজে পাওয়া বেশ জটিল। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবারির সহযোগী অধ্যাপক মিশেল ব্যানিস্টার বলেছেন, 'ইডি১৩৮' একটি বৃহৎ ট্রান্স নেপচুনিয়ান বস্তু (টিএনও) হওয়ায় এটি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত চমৎকার একটি আবিষ্কার। অন্যান্য টেলিস্কোপ এখন এ বিষয়ে আরও তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সম্মেলনে গ্রহের আনুষ্ঠানিক সংজ্ঞা নির্ধারণ করা হয়। যেখানে বলা হয়—গ্রহ হতে হলে সূর্যকে প্রদক্ষিণ, নিজস্ব মহাকর্ষ বলে গোলাকার আকৃতি ধারণ এবং শক্তিশালী কক্ষপথ থাকার শর্ত পূরণ করতে হবে।
Comments