জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: ইউএনএইচসিআর
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ, খরা ও বন্যার চরম ঝুঁকিতে রয়েছেন বিশ্বের প্রায় ৯ কোটি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও আফগানিস্তানের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশ মানুষ বসবাস করছেন। সংঘাত ও বাস্তুচ্যুতির শিকার এই মানুষগুলোর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অত্যন্ত কম। ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (কার্যক্রম) আন্তন লেইস গার্সিয়া বলেন, সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন এমন জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিল পৌঁছানো এখন অত্যন্ত জরুরি।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, ২০২৬ সালের প্রথমার্ধে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশের বেশি এমন অঞ্চলে ফিরেছেন, যা জলবায়ু সংকটের মুখে রয়েছে। উদাহরণস্বরূপ, সিরিয়ায় প্রায় ৪০ লাখ মানুষ নিজ ঘরে ফিরলেও তীব্র পানি সংকট ও বন্যার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, ২০৫০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকার প্রতি তিনটি শরণার্থী শিবিরের একটিতে বছরে অন্তত ১০০ দিন বিপজ্জনক তাপমাত্রা বিরাজ করতে পারে, যা হিটস্ট্রোক ও অকালমৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।
পাশাপাশি, চলতি বছরের শেষ নাগাদ পূর্ব আফ্রিকার সোমালিয়া, কেনিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডায় ভয়াবহ বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট মোকাবিলায় কপ৩১ সম্মেলনে অংশগ্রহণকারী ধনী দেশ ও জলবায়ু অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সংঘাতপীড়িত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অভিযোজন অর্থায়ন বাড়ানোর জোর দাবি জানিয়েছে ইউএনএইচসিআর।
Comments