কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (৩০) নামের এক হত্যা মামলার হাজতি বন্দি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি এই পথ বেছে নেন।
নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আইনাল হকের ছেলে। একটি হত্যা মামলায় বিচারাধীন বন্দি হিসেবে তিনি ওই কারাগারে আটক ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস নেন রাজু। দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নথিপত্রে মৃত্যুর কারণ হিসেবে 'হ্যাংগিং' উল্লেখ করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শুক্রবার সকালে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হবে।
Comments