বিশ্বজয়ে শুধু পড়াশোনা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
শুধু পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বদরবারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা এবং সংস্কৃতিচর্চায় পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষা রপ্ত করতে পারলে বাংলাদেশের নতুন প্রজন্মকে কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "এই বাংলাদেশ তোমাদের। তোমাকেই দেশ গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর।" ভবিষ্যতে কেউ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি বা আইনজীবী হবেন উল্লেখ করে তিনি বলেন, পেশাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতেও নিজেদের প্রমাণ করতে হবে। বিকেএসপির শিক্ষার্থীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা যেমন খেলাধুলায় সেরা, তেমনি সাংস্কৃতিক পরিবেশনাও সমানভাবে দক্ষ।
'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর এবারের আসরে ১৬ লাখ শিশু-কিশোর অংশ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশুদের মাঝে প্রতিভার কোনো কমতি নেই। তাদের মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করা সরকারের দায়িত্ব। সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়তে চায় যেখানে শিশুরা বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারবে।
বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষা থেকে নিজেদের পছন্দমতো তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা, সংস্কৃতি ও বহুভাষায় দক্ষ হয়ে উঠলে বাংলাদেশকে আর অন্য কোনো দেশের উদাহরণেরপেক্ষায় থাকতে হবে না; বরং বাংলাদেশ নিজেই হবে সমৃদ্ধির অনন্য উদাহরণ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আরম খান। এর আগে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার কুদির বটতলা ও নগরীর ডাকবাংলা মোড়ে পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ক্ষমতাচ্যুত সরকারের ষড়যন্ত্র মোকাবিলায় ২০২৪ সালের মতো আরেকটি জনআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Comments