কাউখালীর আমরাজুড়ীতে স্বর্গীয় অমূল্য আচার্যের বাড়িতে শ্যামা পূজা
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ীতে ৮ নভেম্বর হতে যাচ্ছে ৬৩তম শ্রীশ্রী শ্যামা পূজা। স্বর্গীয় অমূল্য আচার্যের বাড়িতে আয়োজিত এ পূজাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসবের প্রস্তুতি চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর (রোববার) রাত ১২টায় শ্যামা পূজা হবে। একই দিন সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশের প্রখ্যাত ১৮ জন বাদ্যযন্ত্রশিল্পীর অংশগ্রহণে বাদ্য পরিবেশনা এবং আধুনিক ও লোকসংগীতের আয়োজন রাখা হয়েছে।
পরদিন ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রতিমা বরণ হবে। সন্ধ্যা ৭টা থেকে থাকবে হাবিল কাবিলের বাজনা ও আধুনিক গান, বিচ্ছেদ ও শ্যামাসংগীত পরিবেশনা। এ ছাড়া বিখ্যাত লালনসংগীত পরিবেশনা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে।
পূজা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত অমূল্য আচার্য, মনীন্দ্র আচার্য, বাসুদেব আচার্য, ফণিলাল আচার্য, স্বপন আচার্য ও সমীর আচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন করা হচ্ছে।
Comments