মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ফেনী জেলা বিএনপির দুই নেতা
মালদ্বীপে ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা বিএনপির সদস্য নূর হোসেন সেলিম।
শনিবার (১ নভেম্বর) রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
তিন দিনের সফরে মালদ্বীপে এলে প্রবাসী নেতাকর্মীদের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কষ্টার্জিত অর্থে লাখো পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসীদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, বিএনপি সব সময় প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে এসেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সহজ করা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সংবর্ধিত অতিথিরা মালদ্বীপে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. শাহ আলম, ফারুক হোসেন ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মনির হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম, আব্দুল মান্নান, আবু জাহের ও আবু আহমেদ সেলিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।
Comments