প্রাণচাঞ্চল্যতা হারিয়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের পর্যটন শিল্প ?
২০২৪ সালের ঠিক আগে পর্যন্তও বাংলাদেশের পর্যটন খাত এক ভিন্ন রূপের দেখা দিত। ছুটির দিনগুলোতে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ী মুখর থাকত লাখো পর্যটকের পদচারণায়। সাজেক ভ্যালির মেঘের মিতালি দেখতে বা বান্দরবানের দুর্গম পাহাড়চূড়ায় পৌঁছাতে ভ্রমণ পিপাসুদের কোনো বাধা ছিল না। সেন্ট মার্টিনের নীল জলে ডলফিনের লাফালাফি দেখতে সেন্ট মার্টিনগামী জাহাজে উপচে পড়ত ভিড়। দেশের মানুষ যখন যেখানে ইচ্ছা, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াত। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। ২০২৪ এর পটপরিবর্তন পর সব সেক্টরের উপর নেতিবাচক প্রভাব পড়েছে তেমনি পর্যটন শিল্পে এসেছে নানা ধরনের প্রতিবন্ধকতা।
আজ দেশের প্রায় প্রতিটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে কড়া পাহারা, যাতায়াতে কঠোর নিষেধাজ্ঞা আর নানা নিয়ন্ত্রণমূলক বেড়াজালে পর্যটকদের অবাধ চলাচল অনেকটাই সংকুচিত করে ফেলেছে।
অবাধ বিচরণের দিন থেকে কড়াকড়ির যুগে পর্যটকরা
কয়েক বছর আগেও পর্যটনকেন্দ্রগুলোতে যে প্রাণচাঞ্চল্য দেখা যেত, আজ তা অনেকটাই সীমিত হয়ে আসছে। নিরাপত্তার অজুহাত, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনের কড়া বিধিমালা এবং পরিবেশ রক্ষার দোহাই দিয়ে একে একে প্রায় সব দর্শনীয় স্থানেই আরোপ করা হয়েছে নানা নিয়ন্ত্রণ। পাশাপাশি উৎশৃঙ্খল লোকদের পেশীশক্তি প্রদর্শন পর্যটক হয়রানির খবর মাঝে মাঝে শোনা যায়।
সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। পরিবেশ রক্ষার যুক্তি দেখিয়ে দ্বীপে পর্যটক যাতায়াতে কঠোর কোটা পদ্ধতি, রাতে অবস্থান নিষিদ্ধকরণ এবং জাহাজের সংখ্যা সীমিত করার মতো সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে দ্বীপের স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। একই চিত্র পাহাড়ি জনপদ সাজেক ভ্যালি ও বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানেও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে প্রায়শই পাহাড়ি জেলাগুলোতে পর্যটকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। কখনো কারফিউ, কখনো বা নির্দিষ্ট জোনে চলাচলে কড়াকড়ির কারণে বুকিং করা হোটেল-রিসোর্ট বাতিল করতে বাধ্য হন পর্যটকরা।
অপর্যাপ্ত আবাসন ও সেবার সংকটঃ পর্যটকদের দুর্ভোগ
কোথাও কোথাও পর্যটকদের অবাধ যাতায়াতে কড়াকড়ি না থাকলেও রয়েছে তীব্র অবকাঠামোগত সংকট। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য কুয়াকাটা ও সেন্ট মার্টিন বা উদীয়মান স্পটগুলোতে মানসম্মত আবাসন ব্যবস্থার মারাত্মক অভাব রয়েছে। পিক আওয়ার বা ছুটির দিনগুলোতে হোটেলগুলোর অতিরিক্ত ভাড়া আদায় এবং সেবার মান নিয়ে অসন্তোষ নিয়মিত ঘটনা।
বিশেষ করে কুয়াকাটা বা ইনানী এলাকায় পর্যটকদের জন্য পর্যাপ্ত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, চেঞ্জ রুম এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা আজও নিশ্চিত করা যায়নি। পর্যটন খাতে শত শত কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনার কথা বলা হলেও মাঠপর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে রয়েছে বড় ধরনের ঘাটতি।
পরিসংখ্যান ও সরকারি বাজেটঃ বাস্তবতা বনাম পরিকল্পনা
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (WTTC) তথ্য অনুযায়ী, বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাতের অর্থনৈতিক অবদান প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা। ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা গত সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৪৪.৯% বেশি। সরকার ১,৪৯৮টি পর্যটনকেন্দ্র নিয়ে একটি জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে এবং কুয়াকাটা ও পতেঙ্গা সমুদ্রসৈকতের মতো স্থানগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু বাস্তবতা কতদূর তা বোঝা মুশকিল।
তবে প্রশ্ন থেকেই যায়—এই বিশাল বাজেটের ও পরিকল্পনার কতটুকু সাধারণ পর্যটকের ভোগান্তি কমাতে এবং পর্যটন কেন্দ্রগুলোর সেবার মান বাড়াতে কাজে লাগছে? পর্যটন খাতের বড় একটি অংশ জুড়ে রয়েছে অবকাঠামো ও বিমান যোগাযোগের উন্নয়ন, কিন্তু মাঠপর্যায়ে পর্যটকদের নিরাপত্তা, অবাধ বিচরণ এবং হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করার বিষয়টি এখনো উপেক্ষিত।
সব জায়গায় ঝুঁকি আর ঝুঁকিঃ কী বলছে পর্যটকরা?
পর্যটকরা বলছেন, আগে ভ্রমণ মানে ছিল মানসিক প্রশান্তি ও রোমাঞ্চ। কিন্তু বর্তমানে কোথাও যাওয়ার আগে ভাবতে হয় অনুমতি মিলবে কি না, পাহাড়ি রাস্তায় বা সাগরে চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি হলো কি না। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হলেও অনেক ক্ষেত্রে অতি-নিয়ন্ত্রণ পর্যটন শিল্পকে দমিয়ে দিচ্ছে। পর্যটন ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। লাখ লাখ টাকা বিনিয়োগ করে পর্যটক না থাকায় লোকসানের মুখে পড়ছেন হোটেল-রিসোর্ট ও পরিবহন ব্যবসায়ীরা।
সম্ভাবনা টিকিয়ে রাখতে যা করা প্রয়োজন
বাংলাদেশের পর্যটন খাতকে বাঁচাতে এবং একে সত্যিকারের সম্ভাবনাময় শিল্পে রূপান্তর করতে হলে কেবল নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপই সমাধান নয়। প্রয়োজন সুনির্দিষ্ট ও সময়োপযোগী কিছু পদক্ষেপ:
১. নিরাপত্তা ও স্বাধীনতার ভারসাম্যঃ অযৌক্তিক ও দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দিয়ে পর্যটন বন্ধ না করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে পর্যটকদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা।
২. পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনাঃ সেন্ট মার্টিন বা সাজেকে পরিবেশ ধ্বংস না করে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা।
৩. আবাসন ও সেবামূল্য নিয়ন্ত্রণঃ পর্যটন এলাকায় হোটেল ও রেস্তোরাঁর ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে প্রশাসনের তদারকি বাড়ানো খুবই জরুরী বিষয়।
৪. স্বচ্ছ বাজেট বাস্তবায়নঃ পর্যটন খাতের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার ও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।
শেষকথা
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক অপার সম্ভাবনার দেশ। কিন্তু সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং পর্যটকদের অবাধ ও নিরাপদ চলাচলের নিশ্চয়তা ছাড়া এই খাত তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবে না। ঝুঁকি আর নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই কেবল এই খাত দেশের অর্থনীতিতে প্রকৃত অবদান রাখতে সক্ষম হবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
Comments