মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। বিডি এফসি ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট হবে।
টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরতে চোকিটের এসটো হোটেলের হলরুমে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণের ফি নির্ধারণ করা হয়েছে প্রতি দলের জন্য ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৬ হাজার রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আব্দুল মবিন ও মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন ক্লাবের অধিনায়ক ও খেলোয়াড়রা।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments