এবার চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতিরোধ
চাঁদাবাজির বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন রাজধানীর বাংলামোটর এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। চাঁদাবাজির প্রতিবাদে বাংলামোটর মোড় অবরোধ করে মানববন্ধন করেন তারা। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাংলামোটর এলাকায় চাঁদাবাজির কারণে হয়রানি ও আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের দাবি, চাঁদা না দিলে নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়। এতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর একজন বলেন, চাঁদাবাজির কারণে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। অনেকেই ভয়ে প্রতিবাদ করতে পারেন না। চাঁদাবাজদের ভয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। দ্রুত চাঁদাবাজি বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় এক মোটর পার্টস ব্যবসায়ী জানান, গত ১ তারিখ রাতে বাংলামোটর এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে তার কাছ থেকেও ৫ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চাঁদাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে উল্লেখ করে তিনি নিরাপত্তা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনার পর চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Comments