এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফটের
ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশাল বিনিয়োগের অর্থ সংগ্রহের জন্য প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীবাহিনীর এক-চতুর্থাংশের বেশি এই প্রস্তাবের আওতায় আসতে পারেন। সোমবার (২৬ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে এবং এআই অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে মাইক্রোসফট। চলতি বছরে প্রতিষ্ঠানটি মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। মূলত পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং এআই খাতের তহবিলের জোগান দিতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটির এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা এই প্রস্তাব পাওয়ার যোগ্য হবেন। তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এই কর্মসূচির বাইরে থাকবেন।
মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় জানিয়েছেন, যারা কেরিয়ারে নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের জন্য এটি পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এর মাধ্যমে পরিবর্তিত চাহিদার সঙ্গে কর্মীসংখ্যাও সমন্বয় করতে পারবে বিভিন্ন বিভাগ।
Comments