সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার আহ্বান চিফ হুইপের
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও মানসিক চাপ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করা সম্ভব বলেও জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল 'জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন'। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দীন হায়দার।
তিনি বলেন, সবার মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। গর্ভাবস্থায় একজন মা মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে থাকলে তার প্রভাব গর্ভের সন্তানের ওপরও পড়তে পারে। তাই সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গর্ভকাল থেকেই মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংস্থাটির জ্যেষ্ঠ মনোবিজ্ঞানী রাখী গাঙ্গুলী। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক অধ্যাপক ডা. সাইফুনন্নাহার সুমি এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছেন একজন মানুষ ও একটি পরিবার। তাঁরা প্রায়ই একাকী ও নীরবে এ সংকট মোকাবিলা করেন। এখনো অনেকেই মানসিক অসুস্থতাকে রোগ হিসেবে না দেখে দুর্বলতা, ব্যক্তিগত ব্যর্থতা, পাপের ফল কিংবা জিন-ভূত বা জাদুটোনার প্রভাব বলে মনে করেন। সামাজিকভাবে 'পাগল' তকমা পাওয়ার ভয়ে অনেকে চিকিৎসা নিতে দ্বিধা করেন। অনেক পরিবারও বিষয়টি গোপন রাখে। ফলে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হন।
তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবা ও নীতিনির্ধারণী আলোচনায় যাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী বিষণ্নতাসহ মায়েদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো এখনো সমাজে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। অথচ মায়ের মানসিক সুস্থতার সঙ্গে শিশুর বিকাশ ও পরিবারের সামগ্রিক সুস্থতা গভীরভাবে সম্পর্কিত। 'মায়ের হাসি' উদ্যোগটি এ বাস্তবতাই তুলে ধরে।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, বাংলাদেশে প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অথচ তাঁদের প্রায় ৯২ শতাংশ কোনো ধরনের চিকিৎসাসেবা পান না।
ইকবাল মাসুদ বলেন, বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা ঐতিহ্যগতভাবে শহরাঞ্চলের হাসপাতালকেন্দ্রিক। ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতাল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে হাসপাতালভিত্তিক চিকিৎসার পাশাপাশি সমাজভিত্তিক অনুসরণমূলক সেবা ও দিবাকালীন পরিচর্যার ব্যাপক ঘাটতি রয়েছে। বিষণ্নতা, উদ্বেগ ও মাদকাসক্তির পাশাপাশি আত্মহত্যার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশে আত্মহত্যায় ৪ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৩ জন আত্মহত্যায় মারা গেছেন। তরুণ ও নারীদের মধ্যে এ সমস্যার প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। তবে আত্মহত্যা প্রতিরোধযোগ্য। এ জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সামাজিকভাবে সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি।
বক্তারা মানসিক স্বাস্থ্যকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর জোর দেন। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করা, চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
Comments