সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
আসিফ আকবরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। পরে গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় জানতে পারেন, তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর শুরু করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় গাড়িতে তিনি ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
Comments