আটলান্টিকের নাম ট্রাম্পের নিজের নামে রাখার প্রস্তাব ফিরিয়ে দিল গুগল!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি আটলান্টিক মহাসাগরের নাম বদলে 'ট্রাম্প মহাসাগর' রাখার অনুরোধ জানিয়ে গুগল কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন। তবে একাধিক দেশের সীমান্ত যুক্ত থাকায় প্রযুক্তি জায়ান্ট গুগল তার সেই প্রস্তাব নাকচ করে দেয়।
বুধবার দক্ষিণ ক্যারোলিনায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের সামনে এই হাস্যরসাত্মক ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই দাবির সত্যতা নিয়ে গুগল কর্তৃপক্ষ বা প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সমাবেশে ট্রাম্প জানান, গুগল ম্যাপে মার্কিন ব্যবহারকারীদের জন্য 'মেক্সিকো উপসাগর'-এর নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করার পর থেকেই তার মাথায় এই আইডিয়া আসে। এরপরই তিনি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। গুগলের শীর্ষ নির্বাহীর প্রশংসা করে ট্রাম্প বলেন, 'আমি গুগলের প্রধান সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি অত্যন্ত মেধাবী এবং অসাধারণ একজন মানুষ।'
কথোপকথনের স্মৃতিচারণ করে ট্রাম্প আরও বলেন, সুন্দর পিচাইকে তিনি প্রশ্ন করেছিলেন, 'সুন্দর, আমি আটলান্টিক মহাসাগরের কথা ভাবছি, তোমরা কি এর নাম পরিবর্তন করতে পারবে?'
জবাবে সুন্দর পিচাই অত্যন্ত বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানান ট্রাম্প। হাসতে হাসতে ট্রাম্প বলেন, 'পিচাই আমাকে বললেন, না, না, না স্যার, এবার আমি এটা করতে পারছি না। মহাসাগরগুলোর বিষয় একেবারেই আলাদা, এগুলো অনেক দেশের সীমানার সঙ্গে যুক্ত। দয়া করে আমাদের এমন অনুরোধ করবেন না।'
সমাবেশের শেষ পর্যায়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন না করে আগের মতো রেখে দেওয়াই কি শ্রেয় হবে? এ সময় তিনি নিজেই মন্তব্য করেন যে, মহাসাগরের নামটি অপরিবর্তিত রাখাই সম্ভবত বুদ্ধিমানের কাজ হবে।
Comments