নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে দাম্মাম রুটের ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটের চলাচল স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এদিকে, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments