আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার আমলে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব ছিল। তাই দেশের স্বার্থে এখন পুরো নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করা জরুরি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং বর্তমান সরকারের সময়ে তা প্রয়োজনও রয়েছে। বিগত ১৭ বছর ধরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এবার স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।
বিত্তশালী না হলেও জনপ্রিয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে জন্য সুযোগ তৈরির তাগিদ দেন স্পিকার। তিনি জানান, সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে প্রার্থী হতে পারে, সেই অনুযায়ী একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে নির্বাচন কমিশনকে।
ভোলার প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে স্পিকার বলেন, এই জেলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, যা সারা দেশের বর্তমান রিজার্ভের প্রায় সমান। ভোলার ভূগর্ভে আরও গ্যাসের বড় ভাণ্ডার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নানা কষ্ট ভোগ করছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রাপ্তি নিশ্চিত করতে তিনি খুব শীঘ্রই জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
উল্লেখ্য, নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে স্পিকার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।
Comments