বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই ঝুঁকির প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশেও জরুরি সতর্কতা জারি করেছে সরকারের সার্ট ।
গত ২২ অক্টোবর প্রকাশিত বিজিডি ই-গভ সার্টের নিরাপত্তা বিজ্ঞপ্তিতে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের দুটি ত্রুটির কথা উল্লেখ করা হয়। 'পিএইচপি২শেল' নামে পরিচিত এসব ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই বা অথেন্টিকেশন ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাওয়া, সংবেদনশীল তথ্য চুরি কিংবা ওয়েবসাইটের কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পিএইচপি-এফপিএম, মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি, পিএইচপি-সিজিআই, ফ্রাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডভিত্তিক সার্ভারগুলো মূলত এই ঝুঁকির মুখে রয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সতর্কবার্তাতেও এই ত্রুটির তীব্র ঝুঁকির কথা বলা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিজিটাল নিরাপত্তা বিভাগ একে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
সরকারি ন্যাশনাল পোর্টাল ব্যবস্থার ওয়েবসাইটগুলো পিএইচপি দিয়ে তৈরি নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে সেগুলোর সরাসরি বড় ঝুঁকিতে পড়ার কথা না থাকলেও, এর বাইরে থাকা বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি খাতের অসংখ্য ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন পিএইচপি প্রযুক্তিতে তৈরি। ফলে এসব ক্ষেত্রে ঝুঁকি থেকেই যাচ্ছে।
বাংলাদেশে কতটি সরকারি সার্ভারে পিএইচপি ব্যবহৃত হয় তার নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর হাসান জোহা ধারণা করছেন যে সরকারি ওয়েবসাইটের ৬০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত পিএইচপি ব্যবহারকারী হতে পারে। তিনি ইন্টারনেটে সরাসরি উন্মুক্ত সার্ভারগুলো দ্রুত শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে সার্ভারে পিএইচপির ব্যবহার ও সংস্করণ তালিকাভুক্ত করে তা যাচাই করার নির্দেশ দিয়েছে। শুধু অ্যাপ্লিকেশন বা ফ্রেমওয়ার্ক হালনাগাদ করলেই পিএইচপি রানটাইম হালনাগাদ হয় না, তাই প্রকৃত পিএইচপি সংস্করণে নিরাপত্তা প্যাচ বা সমাধান যুক্ত হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।
হালনাগাদের আগপর্যন্ত ফায়ারওয়াল ব্যবহার করে প্রবেশাধিকার সীমিত করা কিংবা প্রয়োজনে সাময়িকভাবে ইন্টারনেট থেকে সার্ভার বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, সফটওয়্যার আপডেট করার আগেই সার্ভারে কোনো অননুমোদিত অনুপ্রবেশ ঘটেছে কি না, তা জানতে সাম্প্রতিক সার্ভার লগ ফাইলগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখার ওপরও জোর দেওয়া হয়েছে।
Comments