জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার কড়া নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি পতাকা ব্যবহারের যোগ্যতা না থাকা সত্ত্বেও তা প্রদর্শন, সূর্যাস্তের পরেও পতাকা ঝুলিয়ে রাখা এবং পতাকার নির্দিষ্ট আকার, অনুপাত ও রং না মেনে ব্যবহার করার কয়েকটি ঘটনা নজরে আসার পর এই নির্দেশনা জারি করা হয়।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সরকারের সব সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত অনেক কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের যোগ্য বা অধিকারী না হয়েও তাদের অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন।
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২' অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে নিয়ম অমান্য করে সার্বক্ষণিকভাবে বা রাতের বেলাতেও পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে। এছাড়া পতাকার সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিস কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জা বা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে এর ব্যবহার করা হচ্ছে, যা প্রচলিত আইনের পরিপন্থী।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড 'বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২'-এর সরাসরি লঙ্ঘন। জাতীয় পতাকায় যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন নিশ্চিত করতে অধীনস্থ দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহকে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সচিবদের অনুরোধ জানানো হয়েছে।
Comments