‘সমমনা ইসলামী দল’ নামে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত কওমি ঘরানার ৭ দলের
নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে 'সমমনা ইসলামী দল' নামে একটি অভিন্ন ব্যানারে একসঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল। এছাড়া বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো বড় রাজনৈতিক দলের সঙ্গে বর্তমানে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে নেতারা একমত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সিদ্ধান্ত হয় যে, দলগুলো নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রেখেই এই অভিন্ন ব্যানারে কার্যক্রম চালাবে। পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে অন্যান্য জোটের সঙ্গে থাকা দলগুলোকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারা বৈঠকে অংশ নেন।
Comments