বাউলসম্রাট শাহ আব্দুল করিমের দিরাইয়ে নারী শিল্পীদের গানে আপত্তি, অনুষ্ঠান বন্ধ
বাউলসম্রাট শাহ আব্দুল করিমের জন্মভূমি ও ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাইয়ে এবার নারী শিল্পীদের গান গাওয়ার বিষয়ে স্থানীয় দু'ব্যক্তির লিখিত আপত্তির মুখে একটি বাউল গানের আসর বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এই অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া-রাধানগর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী ওই গ্রামে বাউল গানের আসরের আয়োজন করেছিলেন। এতে তানিশা ও নিলা নামের দুই নারী বাউলশিল্পীর গান পরিবেশনের কথা ছিল এবং এলাকায় এ নিয়ে পোস্টারিংও করা হয়েছিল। তবে গত বুধবার আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু নামের স্থানীয় দুই ব্যক্তি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে অনুষ্ঠানটি বন্ধের জন্য লিখিত আবেদন জানান।
আবেদনে দাবি করা হয়, হাতিয়া গ্রামটি দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। সেখানে নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশন করা হলে এলাকায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, "আপত্তি পাওয়ার পর আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি। তারা গান-বাজনা না করার আশ্বাস দিয়েছেন, ফলে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।" বাউল গানের বদলে মূলত নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তি জানানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে স্থানীয় আলেম সমাজের আপত্তিতে দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থগিত করা হয়েছিল। বাউলসম্রাট শাহ আব্দুল করিমের জন্মভূমিতে একের পর এক সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন এভাবে বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Comments