সমাজের নিকৃষ্ট ও দুর্নীতিবাজরাই দেশ চালাচ্ছে: স্পিকার
সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী এবং সবচেয়ে বড় দুর্নীতিবাজরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফ্রিকা সফরের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, ইথিওপিয়ার মতো দেশে চুরি-ছিনতাই রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। সেখানকার মানুষের সাধারণ বাড়িতে কোনো গ্রিল বা সুরক্ষাব্যবস্থা নেই। অথচ আমাদের দেশের সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভালো ও সৎ লোকের নির্বাচনে দাঁড়ানোর বা রাজনীতি করার কোনো পরিবেশ নেই।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'আওয়ামী লীগের দুশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। জুলাই-আগস্টে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও নির্যাতনের পরিণতি হিসেবে আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা একসময় বলতেন আওয়ামী লীগ পালায় না, আজ তারা কোথায়?'
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্পিকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
Comments