বিরোধীদল নয়, দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার
দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে সরকার নিজেই আঁতাত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিরোধীদলকে দোষারোপ করা হলেও প্রকৃতপক্ষে সরকার নিজেই বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক সমঝোতায় লিপ্ত রয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট আমলের গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যদের বদলি বা পরিবর্তন না করে তাদের দিয়েই বর্তমান সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দেওয়ার পেছনেও সরকারের হাত রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, গত সাত মাসে বর্তমান প্রশাসন বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়ে পড়েছে এবং কার্যক্রমে এক ধরনের হযবরল দশা তৈরি হয়েছে।
ক্ষমতাসীন দল বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা রূপরেখা নিজেরাই বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তাদের সংস্কার প্রস্তাবের ৯ নম্বর দফার পরিপন্থী কাজ করে প্রশাসনসহ সর্বস্তরে দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের জীবনধারণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন ও ন্যূনতম মজুরির দাবি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত।
Comments