সৌদি আরবে ১০ মাসে ৮০ জন বিদেশিসহ ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে চলতি বছর এখন পর্যন্ত ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধু মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ১১৬ জন, যার মধ্যে ৮০ জনই বিদেশি নাগরিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এএফপির নিজস্ব তথ্যভান্ডারের হিসাব অনুযায়ী এই পরিসংখ্যান উঠে এলেও, দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সুনির্দিষ্ট দেশভিত্তিক কোনো পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর পাওয়া গেছে। তবে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা ১৯০ জনের মধ্যে তারা অন্তর্ভুক্ত রয়েছেন কি না, তা পরিষ্কার করা হয়নি।
এর আগে গত শনিবার সন্ত্রাসবাদের দায়ে দেশটির ইস্টার্ন প্রভিন্সে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া ইউসেফ আল-মানাসিফ (৩০) নামের এক সৌদি নাগরিক বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন। জানা গেছে, কিশোর বয়সে আরব বসন্তের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রায় নিত্যদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো নিরাপত্তা হুমকির মুখে সৌদি আরব এসব মৃত্যুদণ্ড কার্যকর করছে। দেশটির সরকারের মতে, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড একটি জরুরি পদক্ষেপ। পাশাপাশি, আইনি প্রক্রিয়া ও আপিলের সব সুযোগ শেষ হওয়ার পরই কেবল এই দণ্ড কার্যকর করা হয় বলে দাবি করে আসছে রিয়াদ।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে চীন ও ইরানের পরই সৌদি আরব সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সৌদি আরব সন্ত্রাসবাদের দায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যার বেশিরভাগই ঘটেছে দেশের পূর্বাঞ্চলে। তুলনা করলে দেখা যায়, গত বছর একই অঞ্চলে মোট ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
Comments