অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৮৪
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে ২৬ জন নারী এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকার ওই আবাসিক বাসায় এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, ওই বাসায় নিয়মিত রাতভর ডিজে পার্টি ও মাদকের আসর বসানো হয় এবং সেখান থেকে অবৈধ মাদকের কারবার পরিচালিত হচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরের বাসাটি এয়ারবিএনবি এর মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। যারা বাসাটি ভাড়া নিয়েছিলেন, তাঁরা সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টির নামে এ ধরনের অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
Comments