ইশরাকের কাজ ভালো ছিল, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধনের আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অত্যন্ত আপসহীন, যার প্রমাণ কিছুদিন আগে জনৈক নারী সংসদ সদস্যের হাসপাতাল দখলের অভিযোগ এবং সম্প্রতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, "ইশরাক হোসেন কাজটা ভালোই করেছিলেন; পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে তিনি সেখানে গিয়েছিলেন। তবে মন্ত্রীর দায়িত্বে থাকা একজন নেতার হাতে অস্ত্র নেওয়াটা ঠিক হয়নি—তা আইনি বা বেআইনি যাই হোক না কেন। সরকারের প্রতিমন্ত্রী ও দেহরক্ষী থাকা সত্ত্বেও তাঁর নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া শোভা পায় না। মূলত এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।"
তবে ইশরাক দুর্বৃত্ত দমনের মহৎ উদ্দেশ্যে গিয়েছিলেন উল্লেখ করে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন যে, সাধারণ মানুষ ভবিষ্যতে নিশ্চয়ই তাঁর এই কাজকে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, তা থেকে নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত।
সংসদে নিজের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, "আপনারা দেখেছেন আমি সংসদে কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করি। বিরোধী দলের সাংসদেরাও আজ পর্যন্ত আমার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। আমি সবাইকে কথা বলার সমান সুযোগ দিয়েছি এবং সরকারি দলের মন্ত্রী কিংবা বিরোধী দলের সদস্যরা যখনই সরকারের সমালোচনা করেছেন, আমি কখনো তাঁদের কণ্ঠ রোধ করার চেষ্টা করিনি। কারণ গণতন্ত্রে সরকারি ও বিরোধী দল উভয়েরই সমান সুযোগ থাকা জরুরি।"
দীর্ঘদিনের আওয়ামী শাসনব্যবস্থার পর জনগণ এখন একটি নির্বাচিত ও জনকল্যাণমুখী সরকার পেয়েছে উল্লেখ করে তিনি সব নেতাকর্মীকে এই প্রশাসন ও সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
Comments