জার্মানিতে শারদীয়া দুর্গোৎসব
প্রতিবছরের মত এবছরও জার্মানিতে শুরু হয়েছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। দেশটির রাজধানী বার্লিনসহ দেশটির নানা অঞ্চল থেকেই দেবী দূর্গার অনুসারীরা বিভিন্ন পরিবার পরিজন নিয়ে পূজামন্ডপে ছুটছেন অঞ্জলি দিতে।
এবারের পূজো যথারীতি বাংলাদেশ ও ভারতসহ অন্যান্য দেশের সাথে মিল রেখেই শারদীয় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শনিবার মহাষষ্ঠী, রোববার সপ্তমী আর সোমবারের মহাষ্টমীর দিনেও ছিল দেবী ভক্তদের আরাধনা, অঞ্জলি প্রদান ও ভোগ বিতরণ পর্ব। সপ্তাহ শেষের দুদিন ছাড়াও সোমবারও অসংখ্য পূজারীদের দেখা গেছে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিখের মাতৃমন্দির, ফ্রাঙ্কফুর্টের রাইন মাইন বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন, স্টুটগার্ট, ডুইসেনডর্ফ, ড্রেসডেনের বঙ্গ উৎসবসহ বার্লিনের হিন্দু সোসাইটি, ইগনাইনট ও বার্লিনের বাঙ্গালীসহ অন্যান অঞ্চলের সংগঠনগুলোর পূজামন্ডপগুলোতে।
শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে মন্ডপে মন্ডপে দেবী দূর্গার চরণে আরতি দিয়েছেন দেশটির নানা প্রান্ত থেকে ছুটে আসা দেবী দূর্গার ভক্তরা। দূর্গিতনাশিনী দেবীর ভক্তদের চাওয়া যেন সকল মানুষের মধ্যে সম্প্রীতির সেতু তৈরি হয়।
মহাষ্টমীতে দুর্গাপূজার অষ্টমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেবীকে বিশেষভাবে পূজা করা হয় হয় বলে জানান বার্লিনের এক দেবীভক্ত। তিনি বলেন এটি দেবী দুর্গার এক মহিমান্বিত দিন। এদিন দেবী দুর্গার পূজা বিশেষ ধর্মীয় আচার ও রীতির মাধ্যমে পালন করা হয়। যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার অষ্টমী তিথি দেবী দুর্গার শক্তির আরাধনার দিন। এই দিনে মহাষ্টমী পূজা, পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা, কুমারী পূজা এবং ভোগ নিবেদনের মাধ্যমে দেবীকে শ্রদ্ধা জানানো হবে। অষ্টমীর পূজার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করেন এবং সমাজের সকলের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি হয়।
ফ্রাঙ্কফুর্টের দেবীভক্ত ও সংগীতশিল্পী তাপসী রায় জানান, এবারের পূজার মহাষ্টমীর দিনে দেবী দুর্গাকে পূজা করার মাধ্যমে শক্তির আরাধনা করা হয়। দেবী দুর্গা শত্রুনাশিনী ও মহাশক্তির প্রতীক, তাই এই দিনে তাঁর পূজা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। পূজার দিনের শুরুতেই ঘট স্থাপন করা হয়। ঘটের মধ্যে জল ভরে সেটিকে পূজার আসনে স্থাপন করা হয় এবং দেবী দুর্গার উপস্থিতি সেই ঘটের মাধ্যমে আহ্বান করা হয়। দেবী দুর্গার কাছে অর্ঘ্য, ফল, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ ইত্যাদি নিবেদন করা হয়। ঠাকুর পণ্ডিত বা পুরোহিতের নেতৃত্বে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ কামনা করেন। অষ্টমীর পূজায় দেবী দুর্গার আদ্যাশক্তি বা মহাশক্তির পূজা করা হয়। এই সময় দেবীর আটটি অস্ত্রসহ চিত্রায়িত মূর্তিকে বিশেষভাবে পূজা করা হয়।
পূজামন্ডপগুলোতে আসা দেবী ভক্তদের বিশ্বাস সকল অসুরকে দমন এবং দেশ ও জাতির মঙ্গলেই ঘোড়ায় চড়ে দেবী দূর্গা এই ধরাতলে অবতীর্ণ হয়েছেন। বুধবার বিজয়া দশমীতে স্বামীগৃহে ফিরে যাওয়ার আগেই দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের লালনের শিক্ষা এবং দেবীর আশীর্বাদে স্নাত হবেন সকলে এমন কামনা ছিল দেবীর অনুসারীদের।
Comments