স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইশরাক হোসেনের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়ে পদত্যাগের মুখে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'সমস্যাটি তো স্বরাষ্ট্রমন্ত্রীর। মাঝখান দিয়ে ইশরাক ভাই এই পাপে ভোগলেন এবং ফাঁদে পড়ে গেলেন। এটা পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।'
বর্তমান সরকারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'আমরা শুনেছিলাম বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেবে; কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।'
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুর মাংস বা কোরবানি সংক্রান্ত সাম্প্রতিক একটি ইস্যু তুলে ধরে তিনি বলেন, 'আমরা সবকিছুই করব, তবে হিন্দু ভাইয়েরা যাতে কোনোভাবেই ক্ষোভ বা আঘাত না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। ভুল-বোঝাবুঝি এড়াতে প্রয়োজনে উভয়পক্ষ বসে তা সমাধান করুন।'
Comments