মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আজ মহাষ্টমী ও কুমারী পূজা
শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে (মহাসপ্তমী) গতকাল রোববার রাজধানীসহ দেশের মণ্ডপে মণ্ডপে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রতিমা দর্শন। এদিকে উৎসবের চতুর্থ দিন আজ সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী ও সন্ধি পূজা উদযাপিত হচ্ছে। আজকের দিনের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী কুমারী পূজা।
পঞ্জিকা অনুযায়ী সপ্তমী তিথি দুদিন পড়ায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো দেবীর শুক্লা সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে নির্দিষ্ট সময়ে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা সম্পন্ন হয়েছে। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ সন্ধি পূজা।
আজকের সবচেয়ে বড় আকর্ষণ রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমারী পূজা। সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মিশনে এই পূজা শুরু হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, কুমারী মেয়েকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করে এই পূজা করা হয়। তবে প্রথা ও নিরাপত্তার কারণে পূজার আগ পর্যন্ত কুমারী মেয়ের নাম ও পরিচয় প্রকাশ করা হয় না।
রোববার বনানী, মৌচাক, রমনা ও রামপুরাসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে মুখর পুরো রাজধানী। বনানীর কামাল আতাতুর্ক পার্কে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপটির মূল ভাবনা ছিল 'জলজ'। বাঁশ, বেত ও প্রাকৃতিক তন্তু দিয়ে নির্মিত পদ্মফুলের আদলে গড়া এই মণ্ডপ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। অন্যদিকে, রমনা কালীমন্দির প্রাঙ্গণে বসেছে সপ্তাহব্যাপী জমজমাট মেলা। আলোকসজ্জা ও নানা বয়সি মানুষের পদচারণায় মুখর রয়েছে প্রতিটি পূজামণ্ডপ।
Comments