কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় মরমী সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর আখড়াবাড়িসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটকের ডানপাশে একটি নারকেল গাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আজ সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানান, উদ্ধারকৃত বস্তুটি একটি টাইম বোমা ছিল এবং এতে যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠান চলছে। আজ সোমবার রাতে এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুপুর ১২টা থেকে আখড়াবাড়ির সব প্রবেশপথ ও মোড়ে মোড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
Comments