ঢাকায় আসল ফিফা সভাপতি ইনফান্তিনো
সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে ঢাকায় এসেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় মূলত ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন ফিফা প্রধান। তার এই অবস্থান একেবারেই স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর যাবতীয় প্রস্তুতি সেরে রাখে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের সহ-সভাপতিরা। এ সময় দেশের ফুটবলের উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মাঝেও ফিফা সভাপতির সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
Comments