বাসায় ফিরেছেন ঢাবি শিক্ষক দুলাল কান্তি, অপহরণের অভিযোগ পরিবারের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক নিখোঁজ হওয়ার পর অবশেষে শুক্রবার সকালে নিজ বাসায় ফিরে এসেছেন। তবে প্রথমে তাকে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
অধ্যাপক দুলাল কান্তির স্ত্রী কল্পনা হালদার জানান, শুক্রবার সকাল ৯টার দিকে তিনি বাসায় ফেরেন। তার ভাষ্যমতে, প্রথমে তাকে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল এবং জ্ঞান ফেরার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা দুই-তিন হাজার টাকা অপহরণকারীরা না নিলেও তার স্ত্রী ও পরিবারের সদস্যদের পেশা সম্পর্কে জানতে চায় এবং তার মোবাইল নম্বরটি রেখে দেয়। চালকসহ সুবেশী পাঁচ ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি।
বর্তমানে অধ্যাপক দুলাল কান্তি বাসায় বিশ্রাম নিচ্ছেন। তবে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় ঘটনার অনেক কিছু তিনি ভুলে গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হয়ে নিখোঁজ হন দুলাল কান্তি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় তার স্ত্রী মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে অধ্যাপক দুলালের সঙ্গে তার কথা হয়েছিল। তখন তিনি সৈয়দপুর থেকে বাসে করে একা বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন। তিনি অপহরণের শিকার হয়েছিলেন কি না—এমন প্রশ্নে ওসি বলেন, 'তিনি বৃহস্পতিবার বলেছিলেন ফিরে এসে সব জানাবেন। পরবর্তীতে তার সঙ্গে কথা বলে তিনি নিরাপদে আছেন তা নিশ্চিত হওয়ার পর আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি।'
এদিকে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অধ্যাপক দুলালের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
Comments