দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ডিএমপির, গুজব ঠেকাতে সাইবার নজরদারি
ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বছর রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি নিশ্চিত করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ।
ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপগুলোর গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে, যাতে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা যায়।
তিনি বলেন, পূজার নিরাপত্তায় ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। মণ্ডপের আশপাশে নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটও প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার কথাও জানান ডিএমপি কমিশনার। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। এ সময় শোভাযাত্রার পথ ও জনসমাগম বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুলতথ্য ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপির সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। কোনো সন্দেহজনক ঘটনা বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীর সম্মিলিত সহযোগিতা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তাবিধি মেনে চলা এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments