দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, দেশের ২,৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থাও নিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চালু করা হয়েছে 'শারদীয় সুরক্ষা অ্যাপ' এবং একটি বিশেষ মনিটরিং সেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, অপতথ্য ও উসকানিমূলক কোনো খবর প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।
এদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
এর আগে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ব্রাহ্মণপাড়া থানার ওই দুই পুলিশ সদস্য বিএসএফের হাতে আটক হন। শুক্রবার দুপুর পর্যন্ত ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
Comments