‘আজকের উদ্ভাবন আগামীর সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস
দেশে খাদ্যশস্যের উৎপাদন বাড়লেও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরতা কমছে না। সরকারি গুদামে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত থাকলেও উৎপাদন, সরবরাহ, বাজারমূল্য ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সমন্বয় নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) 'আজকের উদ্ভাবন আগামীর সমৃদ্ধি' প্রতিপাদ্য নিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৪ লাখ ৯৭ হাজার ৫১০ টন চাল ও গম আমদানি হয়েছে। এর মধ্যে চাল ৩০ হাজার ৭৩০ টন এবং গম ১৪ লাখ ৬৬ হাজার ৭৮০ টন। সরকারি ও বেসরকারি উভয় খাতেই এই খাদ্যশস্য আমদানি করা হয়। এর আগে গত অর্থবছরে দেশে মোট ৮৬ লাখ ২ হাজার ৮০ টন খাদ্যশস্য আমদানি হয়েছিল।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর পর্যন্ত দেশে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মোট মজুত ছিল ২২ লাখ ৭১ হাজার ২২৬ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৫৫ হাজার ৭৫৪ টন, গম ৩ লাখ ১২ হাজার ৭৩ টন এবং ধান ৫ হাজার ২৩০ টন। ভাসমান মজুতসহ মোট মজুতের পরিমাণ দাঁড়ায় ২৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ টনের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, গমের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার তুলনায় কম থাকায় এবং চালের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ও বাজার স্থিতিশীল রাখার প্রয়োজনে আমদানির ওপর নির্ভরতা থেকেই যায়।
বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমির সংকোচন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তি চাপের মুখে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি বড় উদ্বেগের বিষয়। ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা এক হাজার কোটিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
কৃষি অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমদানি কমাতে হলে উৎপাদন বাড়াতে হবে এবং এ জন্য কৃষিতে নতুন উদ্ভাবন জরুরি।
# খাদ্যনিরাপত্তা জোরদার করতে বিশেষজ্ঞরা যেসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন:
# কৃষিতে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা।
# কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং সরবরাহ চেইনে অপচয় রোধ করা।
# কৃষক যাতে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য পান এবং ভোক্তারাও যাতে সহনীয় দামে খাদ্য কিনতে পারেন, সেই ভারসাম্য প্রতিষ্ঠা করা।
# অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে কমে যাওয়া কৃষিজমি রক্ষা এবং মাটির গুণাগুণ বজায় রাখা।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে খাদ্য উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে। খাদ্যনিরাপত্তা আরও জোরদার করতে কৃষিতে উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, শুধু খাদ্যশস্যের উৎপাদন বাড়লেই সব মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয় না; এর জন্য সুষম বণ্টন, সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করা সমানভাবে জরুরি।
Comments