রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
রাজধানীর শ্যামলী মোড়ে ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ সময় মুক্তা (৪০) নামের আরেক নারী গুরুতর আহত হন।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Comments