জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত: আইএমএফ
জাপানকে পেছনে ফেলে আগামী বছরের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশ করা সাম্প্রতিক পূর্বাভাসে এশিয়ার এই দুই দেশের অর্থনীতির বিপরীতমুখী চিত্র উঠে এসেছে।
আইএমএফ জানিয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে চলতি বছর জাপান বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখলেও ৪ লাখ ৫২ হাজার কোটি (৪.৫২ ট্রিলিয়ন) ডলারের জিডিপি নিয়ে ২০২৭ সালে তাদের ছাড়িয়ে যাবে ভারত।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর জাপান পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাবে এবং তারা যুক্তরাজ্যেরও পেছনে পড়ে যাবে। বর্তমানে বিশ্বের শীর্ষ তিন বৃহৎ অর্থনীতির দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি।
বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত অত্যন্ত শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি সপ্তাহে দেশটির ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে আইএমএফ।
সম্প্রতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইএমএফের আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেন সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি জানান, ভূ-রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে সফলভাবে মোকাবিলা করেছে।
শ্রীনিবাসন আরও বলেন, ভারতের অর্থনৈতিক মৌলিক ভিত্তিগুলো অত্যন্ত মজবুত। বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কারণে দেশটি বৈশ্বিক ধাক্কাগুলো ভালোভাবে সামাল দিতে পেরেছে।
এর বিপরীতে, চলতি বছর জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৭ শতাংশে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির চড়া দাম ও মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ব্যাংক অব জাপান গত তিন দশকের মধ্যে সুদের হার তাদের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।
Comments