সরকারি ক্রয়প্রক্রিয়ায় নতুন নির্দেশনা, স্থগিত থাকবে সব দরপত্র
কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত সব ধরনের দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
নতুন দরপত্রে স্থবিরতার আশঙ্কা
স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আওতায় নতুন উন্নয়নকাজের দরপত্র আহ্বান, সেবা গ্রহণ এবং পণ্য কেনার বিভিন্ন ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ পাওয়া প্রকল্প কিংবা চলমান কাজের বিষয়ে নির্দেশনায় পৃথক কোনো সিদ্ধান্তের উল্লেখ নেই।
এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের সম্ভাব্য সময়সীমাও চিঠিতে জানানো হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং আগে থেকে চলমান ক্রয়প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের পর পরবর্তী নির্দেশনার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত অবস্থান জানা যেতে পারে।
Comments