স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন জরুরি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি এবং এর ব্যাপক চাহিদা রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলোর কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তা শতভাগ উপযোগী। তবে একসঙ্গে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে।'
সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'সাধারণ মানুষের পকেট থেকে চিকিৎসা খরচ চলে যাওয়ার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়ে, যা অত্যন্ত বেদনাদায়ক। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের জন্য বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে তা দেশের প্রেক্ষাপটে সমন্বয় করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।'
নারীদের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে গর্ভকালীন সময়ে মা ও নারীরা যেভাবে বিব্রত ও হেয় প্রতিপন্ন হন, তা থেকে তাদের রক্ষা করতে হবে। হেলথ সেন্টারগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তর করে স্ক্রিনিংয়ের মাধ্যমে ব্রেস্ট ক্যানসার ও সার্ভিকাল ক্যানসারের টেস্ট এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মেশিনের মাধ্যমে করা হবে, যা যুক্তরাষ্ট্র ও চীনে সফলভাবে চলছে। খুব কম খরচে এটি দেশের সব উপজেলা পর্যায়ে চালু করা হবে।'
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জগুলো দূর করতে সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
Comments