৪৫তম বিসিএসে বড় নিয়োগ, গেজেট প্রকাশ ১৭০২ জনের
৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে।
৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। পিএসসি ২০২৫ সালের ১৪ ডিসেম্বর নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। এ গ্রেডে বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার পর ২০২৫ সালের ৮ জুলাই থেকে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের পর এবার ১ হাজার ৭০২ জনের নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।
ক্যাডারভিত্তিক নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে সবচেয়ে বেশি, মোট ৫৩৯ জন নিয়োগ পেয়েছেন। শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে ৪৩৭ জনকে। এ ছাড়া পুলিশ ক্যাডারে ৮০ জন, কাস্টমস ক্যাডারে ৫৪ জন এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জন নিয়োগের জন্য নির্ধারিত রয়েছেন বলে পিএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে।
Comments