বাংলাদেশ রেলওয়েকে ১৮টি আধুনিক কোচ পাঠাল ভারত: আছে বেবি কেয়ার ও প্রার্থনাকক্ষ
নতুন একটি চুক্তির আওতায় বাংলাদেশে প্রথম দফায় আধুনিক এলএইচবি ধরনের যাত্রীবাহী কোচ রপ্তানি করেছে ভারত। ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাইটস লিমিটেড জানিয়েছে, বাংলাদেশ রেলওয়েকে মোট ২০০টি কোচ সরবরাহ চুক্তির অংশ হিসেবে তারা প্রথম চালানে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ পাঠিয়েছে।
ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় সাতটি ভিন্ন ধরনে এই কোচগুলো নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের ১২ অক্টোবর পাঠানো প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে, ১১টি শীতাতপনিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কার, ৩টি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কার, ২টি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ, ২টি শীতাতপনিয়ন্ত্রিত পাওয়ার কার (যেগুলোতে গার্ডের জন্য আলাদা কক্ষ ও মালপত্র রাখার ব্যবস্থা রয়েছে)
যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও নিরাপদ করতে কোচগুলোর নকশায় বেশ কিছু নতুন ও আধুনিক পরিবর্তন আনা হয়েছে। স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার জায়গা সংবলিত হেলান দিয়ে বসার উপযোগী আসন, যা যাত্রীরা নিজেদের সুবিধামতো বিভিন্ন কোণে হেলিয়ে বসতে পারবেন। শীতাতপনিয়ন্ত্রিত কোচে উন্নত পাখা, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, জরুরি সংকেত দেওয়ার ব্যবস্থা এবং আংশিক খোলা যায় এমন জানালা। এছাড়াও কোচে শিশুর যত্ন নেওয়ার জন্য (বেবি কেয়ার রুম) একটি আলাদা কক্ষ এবং যাত্রীদের প্রার্থনার জন্য বিশেষ কক্ষ রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত চাহিদা এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কোচগুলোর নকশায় কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ বা ছাদের ওপর মানুষ উঠে ভ্রমণ করার পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোচগুলোর ছাদ কাঠামোগতভাবে আরও বেশি ওজন বহন করার উপযোগী করে তৈরি করা হয়েছে। ইউরোপীয় মানদণ্ড (EN 15227) অনুসরণ করে কোচের মূল কাঠামোর নকশা করা হয়েছে, যা যেকোনো ধরনের সংঘর্ষের সময় ধাক্কা সহ্য করার ক্ষমতা বাড়াবে এবং যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবে। ভারতীয় রেলওয়েতে সাধারণত ৭৫০ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হলেও বাংলাদেশের চাহিদা বিবেচনা করে এই কোচগুলো ৪১৫ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থায় চলার উপযোগী করা হয়েছে।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে প্রথম দফায় সফলভাবে বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল ভারত। সেই পূর্বের সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে নতুন করে ২০০টি কোচ তৈরির এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নবরত্ন মর্যাদাপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেড এর আগে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ২৮০টিরও বেশি রেল ইঞ্জিন, ১ হাজার ৮৫টির বেশি কোচ এবং একাধিক ডিজেলচালিত ট্রেনসেট সরবরাহ করেছে। বর্তমান এই চালানের মাধ্যমে দুই দেশের মধ্যকার রেল যোগাযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments